ডটপেন.ইন-পত্রিকার আগস্ট সংখ্যা প্রকাশিত হলো। মাস হিসেবে আগস্টের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আগস্ট মাস ঐতিহাসিক 'ভারত ছাড়ো' আন্দোলনের মাস। আমাদের দেশের স্বাধীনতা অর্জনের মাস। অগণিত স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী শহিদ বীর যোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতার এ'বছর ৮০তম বর্ষ।
কিন্তু প্রশ্ন – দেশবাসী হিসেবে দেশকে কি আমরা সেভাবে ভালোবাসি? দেশকে প্রকৃত অর্থে গড়ে তোলার স্বপ্ন কি লালন করি? যাঁরা দেশ পরিচালনায় রয়েছেন তাঁদের ভাবনায় কি এসব অগ্রাধিকার পাচ্ছে?
শিক্ষা, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি সব ক্ষেত্রেই বড়ো বেসামাল অবস্থার মধ্য দিয়ে চলেছি আমরা। বারংবার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষকদের চাকরি নিয়ে দুর্নীতি আমাদের কাছে এক গভীর সংকটের বার্তা নিয়ে আসছে। তীব্র অর্থনৈতিক সংকট দেশের বৃহত্তর অংশের জনজীবনকে আচ্ছন্ন করছে। তবে এই সংকটের আঁধার ঘোচাতে তরুণ যুব ছাত্ররা, আজকের পরিভাষায় 'জেন জি'রা দিল্লির যন্তর মন্তরে নানা প্রতিকূলতা, অসীম কষ্ট যন্ত্রণা ও পুলিশ বাহিনীর নির্মম অত্যাচার সহ্য করে শিক্ষাক্ষেত্রকে দূষণ ও কলুষ মুক্ত করার লড়াইয়ে যে নতুন বার্তা নিয়ে এসেছে, তা আগামীদিনে দেশের সামগ্রিক হতাশাব্যঞ্জক অবস্থা, সমস্যা ও সংকট মোচনে এক দুর্বার লড়াইয়ের অভিমুখ রচনা করেছে।
শিক্ষাই তো একটি জাতির মেরুদণ্ড তৈরি করে। সেখানে শিক্ষা ব্যবস্থার এই করুণ হাল আমাদের দেশকে কোথায় নিয়ে যেতে পারে, একবারও ভাবছি কি আমরা?
আমরা আমাদের সন্তান সন্ততিদের লেখা-পড়া শেখাচ্ছি, কিন্তু প্রকৃত শিক্ষা দিতে পারছি কিনা ভেবে দেখা প্রয়োজন। যে শিক্ষা মানুষকে বিবেকবান, নীতিপরায়ণ, আদর্শনিষ্ঠ, যুক্তবাদী, দেশপ্রেমিক করে গড়ে তোলে। ছাত্র-যুবসমাজ পড়াশোনা করছে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, কিন্তু দেশকে গড়ে তোলারও তো তাদের দায় রয়েছে।
সেই দায়বদ্ধতা নিয়েই আজকে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গণতান্ত্রিক অধিকার, কাজ ও শিক্ষার দাবি, মুক্ত চিন্তার চর্চা ও মতপ্রকাশের অধিকারের দাবির পাশাপাশি দেশের সংবিধান রক্ষা এবং নানা বিভেদ-বিসংবাদের বিরুদ্ধে দেশের চিরন্তন ঐতিহ্য ও ঐক্য-সম্প্রীতি রক্ষার জন্য ছাত্র-যুব সমাজের যে জাগ্রত চেতনার আন্দোলন গড়ে উঠেছে, তা নিঃসন্দেহে আশার সঞ্চার করছে।
"জয় হোক, জয় হোক নব অরুণোদয়"...
১৫ আগস্ট, ২০২৬